রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
নাচের ঘুঙুর থেকে গানের মঞ্চ, পাকিস্তানের চলচ্চিত্র থেকে বাংলাদেশের সংগীতাঙ্গন—জীবনের প্রতিটি বাঁকে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। প্রতিকূলতা, ঈর্ষা, বয়কট কিংবা সময়ের পরিবর্তন—কোনো কিছুই থামাতে পারেনি তার কণ্ঠের জাদু। দশ হাজারের বেশি গান, অসংখ্য সম্মাননা আর কোটি মানুষের ভালোবাসায় আজও তিনি উপমহাদেশের সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি রুনা লায়লা। আজ ১৭ নভেম্বর, এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন (১৯৫২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি)।
কিছু কণ্ঠ থাকে, যাদের পরিচয় কোনো একটি দেশ, ভাষা কিংবা সময়ের গণ্ডিতে আটকে থাকে না। কিছু শিল্পী থাকেন, যাঁদের গান শুনলে প্রজন্মের ব্যবধান ঘুচে যায়, স্মৃতির দরজা খুলে যায়, আর সুরের সঙ্গে মিশে যায় ভালোবাসা। রুনা লায়লা তেমনই একজন শিল্পী। ছয় দশকেরও বেশি সময় ধরে যিনি গানকে করেছেন নিজের জীবন, আর সুর দিয়ে জয় করেছেন দেশ থেকে দেশান্তরের শ্রোতাদের হৃদয়।
বাংলা, হিন্দি, উর্দু কিংবা অন্যান্য ভাষা—যে ভাষাতেই গান গেয়েছেন, সেখানেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তার কণ্ঠে কখনো প্রেমের কোমলতা, কখনো বিরহের হাহাকার, কখনো উচ্ছ্বাসের ঝলক, আবার কখনো জীবনের গভীর উপলব্ধি। সময় বদলেছে, সংগীতের ধারা বদলেছে, বদলেছে শ্রোতার রুচি; কিন্তু রুনা লায়লার কণ্ঠের আবেদন এতটুকুও হারায়নি।
দশ হাজারের বেশি গান গাওয়ার বিরল অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার মতো অর্জন তাকে শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের সংগীত ইতিহাসেরও এক অনন্য অধ্যায়ে পরিণত করেছে। তবে এই সাফল্যের গল্পের শুরুটা ছিল বেশ অন্য রকম।
ঘুঙুরের ছন্দ থেকে গানের ভুবনে
আজ যাঁকে কোটি মানুষ সংগীতশিল্পী হিসেবে চেনেন, ছোটবেলায় তার প্রথম ভালোবাসা ছিল নাচ। করাচিতে কেটেছে রুনা লায়লার শৈশবের একটি বড় সময়। বাবা এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা লায়লা মেয়ের নাচের প্রতি আগ্রহ বুঝতে পেরে তাঁকে ভর্তি করিয়ে দেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে। সেখানে আফরোজা বুলবুলের কাছে চার বছর কত্থক ও ভরতনাট্যম শেখেন তিনি।
নাচের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল, তার একটি মজার স্মৃতিও রয়েছে। ছোটবেলায় নানির কাছ থেকে পাওয়া টাকা দিয়ে ভাইবোনেরা যখন নিজেদের পছন্দের জিনিস কিনেছিল, রুনা কিনেছিলেন এক জোড়া ঘুঙুর। সেই ঘুঙুর পরে বাড়িময় নেচে বেড়াতেন। কে জানত, ঘুঙুরের সেই ছন্দ একদিন মিশে যাবে তাঁর গানের তালে! রুনা নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, নাচের সেই শিক্ষা এখনো তাঁর পরিবেশনায় অজান্তেই ফিরে আসে। মঞ্চে গান গাওয়ার সময় কখনো কখনো তার শরীরী অভিব্যক্তিতে ফুটে ওঠে নাচের মুদ্রা।
নাচের পাশাপাশি গানের সঙ্গে তার পরিচয়ও হয়েছিল খুব ছোটবেলায়। বড় বোন দিনা লায়লা গান শিখতেন ওস্তাদ আবদুল কাদের ও হাবিব উদ্দিন আহমেদের কাছে। বোনের গানের তালিম চলত, আর পাশের ঘরে খেলতে খেলতে রুনা সেসব গান শুনে মুখস্থ করে ফেলতেন। একসময় নিজেও গাইতে শুরু করেন। তাঁর কণ্ঠে গান শুনে মুগ্ধ হন ওস্তাদ আবদুল কাদের। ছোট্ট মেয়েটির প্রতিভা বুঝতে তাঁর দেরি হয়নি; ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিন এই মেয়েই গানে অনেক সুনাম অর্জন করবে। সেই ভবিষ্যদ্বাণী যে এত বড় বাস্তবতায় রূপ নেবে, তা হয়তো তখন পরিবারের কেউই কল্পনা করতে পারেননি।
১২ বছর বয়সে প্লেব্যাকে অভিষেক
রুনা লায়লার সংগীতজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পাকিস্তানে। ১৯৬৪ সালের ২৪ জুন করাচির ইস্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন তিনি। পরের বছর ১৯৬৫ সালে মুক্তি পায় তার গাওয়া উর্দু চলচ্চিত্রের গান ‘গুড়িয়া সি মুন্নি মেরি’। তখন তার বয়স মাত্র ১২ বছর।
শুরুটা অবশ্য সহজ ছিল না। চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব পেয়ে বাবা প্রথমে রাজি হননি। সে সময় চলচ্চিত্রে কাজ করার বিষয়ে অনেকেরই নেতিবাচক ধারণা ছিল। কিন্তু মেয়ের আগ্রহ বুঝতে পেরে মা আমিনা লায়লা বাবাকে রাজি করানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সেই সুযোগ আসে, আর কিশোরী রুনার কণ্ঠ পৌঁছে যায় চলচ্চিত্রের পর্দায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্প বয়সেই পাকিস্তানের সংগীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন তিনি। বরেণ্য সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ পান। একসময় পাকিস্তানের কিংবদন্তি শিল্পী নূরজাহানের পর আলোচনায় উঠে আসে রুনা লায়লার নাম, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভারতসহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে।
রুনা লায়লার সংগীতজীবনের ব্যাপ্তি সত্যিই বিস্ময়কর। বাংলা, হিন্দি, উর্দুসহ বহু ভাষায় তিনি গান গেয়েছেন। চলচ্চিত্রের গান, আধুনিক গান, গজল, লোকসংগীত কিংবা মঞ্চ পরিবেশনা—প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। ১০ হাজারেরও বেশি গান গাওয়ার স্বীকৃতি হিসেবে তাঁর নাম উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
দীর্ঘ সংগীতজীবনে উপমহাদেশের অসংখ্য বরেণ্য শিল্পী, সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। মুম্বাইয়ের সংগীতাঙ্গনে কাজ করার সময় ভারতীয় সংগীতের কিংবদন্তি ভূপিন্দর সিংসহ বহু শিল্পীর সঙ্গে তাঁর পেশাগত ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে। একদিকে দ্রুত লয়ের উচ্ছ্বল গান, অন্যদিকে গভীর আবেগের গজল—দুই ক্ষেত্রেই তার স্বাচ্ছন্দ্য বিস্ময়কর। গানের কথার আবেগকে কণ্ঠে ধারণ করার অসাধারণ ক্ষমতা আর পরিবারের নিঃশর্ত সমর্থন তাঁকে আজও রেখেছে অনন্য উচ্চতায়।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71