
হাবিবুর রহমান (বাপ্পী): রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও একটি সিন্ডিকেটের মাধ্যমে আবাসিক লাইনে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মো: আব্দুল মান্নান (স্থানীয়ভাবে মান্নান মাস্টার নামে পরিচিত) নামে একজন ব্যক্তি এ কার্যক্রমের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, পেশাগতভাবে শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ ও বিতরণ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়রা জানান, তার বসবাসের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বাড়ি নং ৩৫/৩০, কবরস্থান রোড, পূর্ব বাড্ডা, ঢাকা। এই ঠিকানায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলেও তারা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন ও বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে। এতে এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য অনুযায়ী, অবৈধ গ্যাস লাইনের কারণে একদিকে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, অন্যদিকে বৈধ ব্যবহারকারীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় এক ব্যক্তি মেহেদি হাসান রুবেল অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার পর মো: আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। তবে এ বিষয়ে বাড্ডা থানায় কোনো লিখিত অভিযোগ বা আইনগত প্রক্রিয়ার তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর আরও দাবি, অবৈধ গ্যাস সংযোগ ও বিতরণ ব্যবস্থা বন্ধে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন, না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
অভিযুক্ত মো: আব্দুল মান্নান (মান্নান মাস্টার) এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। অভিযোগকারীদের দাবি, তিনি পূর্ববর্তী সরকারের সময়ে একটি প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন বলেও এলাকায় আলোচনা রয়েছে।
এই বিষয়ে আরো বিস্তারিত খবরের জন্য অনুসন্ধান চলমান. . .
