
গত ডিসেম্বরে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সে সময় তাঁর সঙ্গে চিত্রনায়ক মান্নার একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে পরস্পরের দিকে তাকিয়ে কথা বলছেন, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন।
১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। একই দিনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনে ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। গতকাল সারা দিনই ছবিটি চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন পেজে শেয়ার হয়েছে। ফলে পুরোনো সেই মুহূর্ত ঘিরে কৌতূহল বেড়েছে—সেদিন কী কথা হয়েছিল দুজনের?
প্রথম আলোকে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘ছবিটি অনেক আগের। আমাদের কাছেও রয়েছে। হঠাৎ করেই দেখছি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। সেদিন মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্না বলেছিলেন, তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন তারেক রহমান। মূলত অভিনয়, দেশ—এসব নিয়েই কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা করার প্রসঙ্গও উঠেছিল।’

‘মান্না তো সেভাবে রাজনীতি করতেন না, অভিনয় নিয়েই থাকতেন,’ বলেন শেলী। ‘সেদিন তিনি অতিথি হয়ে গিয়েছিলেন। তারেক রহমান আন্তরিকভাবে কথা বলেছিলেন। সিনেমা আর দেশের রাজনীতি নিয়েই আলাপ হয়। আমাদের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আমরা খুব আগ্রহী ছিলাম না। আমিও সরকারি চাকরি করতাম। তবে মান্না তাঁর সম্পর্কে ইতিবাচক কথাই বলেছিলেন।’

মান্না অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘বীর সৈনিক’, ‘শান্ত কেন মাস্তান’, ‘খলনায়ক’, ‘রংবাজ বাদশা’, ‘সুলতান’, ‘ভাইয়া’, ‘টপ সম্রাট’, ‘চাঁদাবাজ’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘মাস্তানের উপর মাস্তান’, ‘বিগবস’, ‘মান্না ভাই’, ‘টপ টেরর’, ‘জনতার বাদশা’, ‘রাজপথের রাজা’, ‘এতিম রাজা’, ‘টোকাই রংবাজ’, ‘ভিলেন’, ‘নায়ক’, ‘সন্ত্রাসী মুন্না’, ‘জুম্মান কসাই’, ‘আমি জেল থেকে বলছি’, ‘কাবুলিওয়ালা’ ইত্যাদি।
মাত্র ৪৩ বছর বয়সে, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। তবে পর্দার সেই আত্মবিশ্বাসী উপস্থিতি, সংলাপ বলার ভঙ্গি আর দর্শকনির্ভর জনপ্রিয়তা আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।
