
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে আর কোনো লুকোচুরি নয়। এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন তারা।
সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—’আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’
এর আগে গত বছর ৩ অক্টোবর হায়দরাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এ প্রেমিক যুগল। এরপর থেকেই তাদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চার হাত এক হচ্ছে দুজনের। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশমিকা। রাজস্থানের উদয়পুরে একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে তাদের বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা।