
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় দিয়ে মার্চের আন্তর্জাতিক বিরতি শেষ করেছে। বুধবার (১ এপ্রিল) লা বম্বোনেরায় অনুষ্ঠিত এই ম্যাচের আগে একই ভেন্যুতেই তারা মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারায়।
এই দুই ম্যাচেই আলোচনায় ছিলেন লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করলেও, ম্যাচ দুটির পর তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন।
ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে মেসি প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, পরে আরও কয়েকটি ছবি শেয়ার করেন। দুই ক্ষেত্রেই তিনি একই ক্যাপশন দেন, ‘সবসময় আর্জেন্টিনা’; সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি।
এদিকে, আসন্ন বিশ্বকাপে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। লিওনেল স্কালোনির অধীনে ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ওই আসরে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে কোচ স্কালোনি বলেন, ‘সে যদি সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। সবাই তাকে দেখতে ও উপভোগ করতে চায়, আর আমি দলের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘সময় এলে আমরা বসে কথা বলব। সে আমাদের মতোই একই লক্ষ্য চায়। যদি সে আসে, সে সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। আমরা আশা করি, সে আসার সিদ্ধান্ত নেবে, তারপর দেখা যাবে কী হয়।’