
শেখ মোঃ বেলায়েত হোসেন: রাজধানীর উত্তর বাড্ডা–সাঁতারকুল এলাকায় বিএনপির নাম ব্যবহার করে ভয়ভীতি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে পিচ্চি ফয়সাল নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে তিনি এলাকায় একটি প্রভাব বলয় গড়ে তুলেছেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় তাঁর তৎপরতা বাড়তে থাকে। স্থানীয়দের ভাষ্য, এ সময় তিনি কয়েকজন কিশোরকে নিয়ে একটি গ্রুপ গড়ে তোলেন, যারা এলাকায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
স্থানীয় সূত্র জানায়, বালু ব্যবসায়ী সুমনকে কেন্দ্র করে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকাজুড়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। পরে তাঁকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনাটি নিয়ে অনুসন্ধান শুরু করলে কয়েকজন সাংবাদিকের হাতে কিছু অডিও ক্লিপ আসে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, ওই ক্লিপগুলোতে হুমকি, চাপ প্রয়োগ এবং ভয়ভীতির বিভিন্ন বক্তব্য রয়েছে। এ ছাড়া অনুসন্ধান বন্ধ করতে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ এবং পরে অর্থের প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।
একজন সাংবাদিক বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানোর কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। প্রতিবাদ করলে অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয় বলেও দাবি তাদের।
তবে এসব অভিযোগের বিষয়ে পিচ্চি ফয়সালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।